Showing posts with label Durga Puja. Show all posts
Showing posts with label Durga Puja. Show all posts

Monday, August 25, 2014

আবার আসছে পুজো

আবার এসে গেল পুজো! আর মাত্র অল্প কিছুদিনের অপেক্ষা। প্রতিবারের মতো এবারেও থাকবে নানা চমক, নানা রকম নতুন থিম, মণ্ডপসজ্জা, প্রতিমা, আলোর রোশনাই। প্রতিটা বাঙালিই সারা বছর মায়ের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মা দুর্গার নব কলেবর ও নতুন সাজের সঙ্গে আমরাও সেজে উঠি নতুন জামাকাপড়ে। বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দ এই দুর্গাপুজো। আজ দুর্গাপুজো শুধুমাত্র বাঙালিদের মধ্যেই আবদ্ধ নেই। তা হয়ে উঠেছে সার্বজনীন, সব ধর্মের ঊর্ধে এক বিরাট আনন্দময় মিলন ক্ষেত্র। আজ দুর্গাপুজোয় সবাই যোগদান করে, সবাই এগিয়ে এসে পুজোর কাজ করে, অঞ্জলি দেয়, প্রতিমা দর্শন করে, আনন্দ করে, এটা খুব সুন্দর, দেখে সত্যিই খুব ভালো লাগে। মা দূর্গা জগৎ জননী, সকলের মা, সেখানে কোনো ভেদাভেদ চলে না। সকলের কাছে তাই অনুরোধ, আনন্দ করুন প্রাণ ভরে, সব ভুলে, খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। সকলের মুখে হাসি ফোটান! খুব আনন্দে কাটুক আপনাদের সবার পুজো!


Sunday, August 4, 2013

পুজোর গন্ধ


পুজোর একটা অদ্ভূত গন্ধ আছে। ছোটবেলা থেকেই  অনুভব করে আসছি এটা। মা আসছে, এই অনুভূতিটাই অসম্ভব সুন্দর। আকাশে বাতাসে একটা মন উড়ু  উড়ু ভাব। গ্রামে গঞ্জে কাশফুল। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মত মেঘ। ঝকঝকে রোদ্দুর। শরতের আকাশ জানান দেয় মায়ের আগমন। একটা মন কেমন করা আলো। এই সময়  মন চায় প্রিয়জনকে। মন খুলে গল্প,  খাওয়াদাওয়া, বেড়ানো - সব কিছুই পুজোতে অন্যরকম। পুজোর চার দিন মন চায় সময়ের হিসেব না করে সমস্ত সুন্দর বর্ণ ও গন্ধ কে শুষে নিতে। পুজো চলে গেলে তাই মন খারাপ হয়। মনে হয়  সবকিছু বিবর্ণ গন্ধহীন হয়ে গেল। তাই পুজোকে ঘিরে এই অপেক্ষাই ভালো!