Showing posts with label Kolkata. Show all posts
Showing posts with label Kolkata. Show all posts

Sunday, August 4, 2013

পুজোর গন্ধ


পুজোর একটা অদ্ভূত গন্ধ আছে। ছোটবেলা থেকেই  অনুভব করে আসছি এটা। মা আসছে, এই অনুভূতিটাই অসম্ভব সুন্দর। আকাশে বাতাসে একটা মন উড়ু  উড়ু ভাব। গ্রামে গঞ্জে কাশফুল। নীল আকাশে সাদা পেঁজা তুলোর মত মেঘ। ঝকঝকে রোদ্দুর। শরতের আকাশ জানান দেয় মায়ের আগমন। একটা মন কেমন করা আলো। এই সময়  মন চায় প্রিয়জনকে। মন খুলে গল্প,  খাওয়াদাওয়া, বেড়ানো - সব কিছুই পুজোতে অন্যরকম। পুজোর চার দিন মন চায় সময়ের হিসেব না করে সমস্ত সুন্দর বর্ণ ও গন্ধ কে শুষে নিতে। পুজো চলে গেলে তাই মন খারাপ হয়। মনে হয়  সবকিছু বিবর্ণ গন্ধহীন হয়ে গেল। তাই পুজোকে ঘিরে এই অপেক্ষাই ভালো!







Tuesday, July 3, 2012

বৃষ্টির জলের রং

মনটা খুবই খারাপ ঐন্দ্রিলার। ঝাপসা হয়ে আসা গাড়ির কাঁচের বাইরে তাকিয়ে রইলো একমনে। বুকের ভেতর একটা চাপা কষ্ট ঘুরপাক খাচ্ছে। "কি হয়েছে? কোনো কথা বলছনা যে আজ...আপসেট?" সহকর্মীদের সহসা প্রশ্নে চকিতে সম্বিত ফিরলো। কিছু বলতে পারল না ঐন্দ্রিলা। আপ্রাণ চেষ্টা করলো নিজেকে আটকাতে, জানলায় মুখটা ঘুরিয়ে নিতে...কিন্তু পারল না। ঝরঝর করে কেঁদে ফেলল। সহকর্মীরাও অপ্রস্তুত... 

রিজু বলল "প্লিজ কেঁদো না...কি হয়েছে বলো? মেনল্যান্ড চায়নায় যাবে? আমার সঙ্গে টাকা আছে কিন্তু..."  

অরিজিতদাও অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করলো ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলা দেখেছে অরিজিতদা খুব বোঝার চেষ্টা করে, ফীল করে...কিন্তু না, কিছুই বলতে পারল না আজকে সে অরিজিতদাকে। কোনো উত্তর দিতে পারল না ঐন্দ্রিলা। চুপচাপ তাকিয়ে রইলো বাইরে।   

বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। গাড়ির কাঁচে বৃষ্টির অল্প ছাঁট। বৃষ্টি ঐন্দ্রিলার মনেও। বৃষ্টির জল প্রবেশ করেছে তার অন্তরে। বৃষ্টির জল আর চোখের জলের রং কি এক? এই সময় শহরটা খুব অদ্ভূত লাগে ঐন্দ্রিলার। আলো আর অন্ধকার মিলেমিশে একাকার। সব কিছু ঝাপসা, অস্পষ্ট। হয়ত ঐন্দ্রিলার চোখের জলে ধুয়ে গেছে সবকিছু...