Showing posts with label Rabindrasangeet. Show all posts
Showing posts with label Rabindrasangeet. Show all posts

Wednesday, September 26, 2012

কিছু প্রিয় রবীন্দ্রসঙ্গীত



রবীন্দ্রনাথ। এই একটা নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির জীবনে। আমরা যেখানেই যাই না কেন, রবীন্দ্রনাথকে বাদ দিতে পারিনা। আমাদের সুখে রবীন্দ্রনাথ, দুঃখে রবীন্দ্রনাথ। জীবনের সমস্ত ওঠাপড়ায় রবীন্দ্রনাথ। আনন্দে, বিষাদে, ভালবাসায় রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের গান আমাদের জীবনের দৈনন্দিন অঙ্গ, মনের সব রকম ভাবের সঙ্গী। নিচে রইল সেরকমই কিছু রবীন্দ্রসঙ্গীত যা আমার অত্যন্ত পছন্দের...

যে রাতে মোর দুয়ারগুলি 
 
একটুকু ছোঁয়া লাগে 

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ 

আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে 

আলোকের এই ঝরনাধারায়  

একি লাবণ্যে পূর্ণ প্রাণ 

ভালবেসে সখী নিভৃতে যতনে
  
প্রাণ চায় চক্ষু না চায় 

চক্ষে আমার তৃষ্ণা 

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে

জাগরণে যায় বিভাবরী 

বঁধু কোন আলো লাগলো চোখে 

ভালবাসি ভালবাসি 

প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে 

নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছ নয়নে নয়নে

আরও পছন্দের অনেক গান আছে যা বাকি রয়ে গেল। পরের কোনো  পোস্টে তা নিয়ে আলোচনা করবো কথা দিলাম...

Monday, July 30, 2012

বর্ষার সাতকাহন - বর্ষার প্রেম

বর্ষা মানে টাপুর টুপুরইলিশ মাছটি ভাজা 
বর্ষা মানে কালো মেঘে হারিয়ে যাওয়ার মজা 
বর্ষা মানে কাক-ভেজা দিন প্রথম কদম ফুলে  
বর্ষা মানে ফুল নেওয়া সেই কীটপতঙ্গ ভুলে 
বর্ষা মানে আকাশ ভেঙ্গে  বৃষ্টি যখন নামে 
বর্ষা মানে লং ড্রাইভে পথের শবনমে
বর্ষা মানে জলের কথা মেঘের বার্তা ঘোর
বর্ষা মানে চোখের মাঝে  অন্ধ করা ভোর   
বর্ষা মানে খিচুড়িও সঙ্গে ঠাকুর রবি
বর্ষা মানে প্রিয় বন্ধুর স্পর্শে তুমি কবি
বর্ষা মানে দু‍জনের সেই আপন গল্পগুলো
বৃষ্টি মিশে জীবনটাকে স্বপ্ন করে দিল

বর্ষার একই অঙ্গে কত রূপ! কখনো সুন্দর, কখনো ভয়ংকর। কখনো টুপটাপ আবার কখনো মুষলধারে। বর্ষার আবেদন চিরকালীন। একাধারে সৃষ্টি ও সংহারের প্রতীক। বর্ষা ঋতুর আগমন আমাদের সকলের মনেই অনাবিল আনন্দের সঞ্চার করে। কিন্তু কখনো কখনো আকাশে ছেয়ে আসা ঘন কালো মেঘ মনে গভীর বিষাদও জাগায়, করে তোলে উদাস, নস্টালজিক। মনে পড়ে ছোটবেলায় বৃষ্টির দিনের নানা টুকরো স্মৃতি - বাড়ির সামনে জমে থাকা জলে কাগজের নৌকা ভাসানো, খিচুড়ি খাওয়া, বৃষ্টিতে ভেজা, স্কুলে রেনি ডে, বন্ধুদের সঙ্গে মজা! এখনো আমার কাছে বর্ষা মানে খিচুড়ি, গান, গল্পের বই, সিনেমা আর প্রচুর আড্ডা। এবং অবশ্যই প্রেম! বর্ষার কোনো আলোচনাই বোধহয় শেষ হবে না প্রেমের কথা না বললে। বর্ষা এবং প্রেম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভরা বর্ষা, মেঘলা আকাশ, মেঘের ডাক, ঝমঝম বৃষ্টি, বিদ্যুতের ঝলক মনে একটা অদ্ভূত রোমান্টিকতার সৃষ্টি করে। প্রেমে পড়তে হলে, প্রেম কে ঠিক মত বুঝতে গেলে বর্ষাই আদর্শ। আমার কাছে বর্ষায় প্রেম মানে বৃষ্টিতে ভেজা, রিমঝিম বৃষ্টি, গরম চা বা কফিতে চুমুক আর জলে ভেজা ভালবাসার মানুষের দিকে অনেক ক্ষণ ধরে তাকিয়ে থাকা। বর্ষায় প্রেম মানে শরীরে শরীর ঠেকিয়ে হাঁটা - "এক অকেলি ছত্রি মে যব আধে আধে ভিগ রহে থে।" বর্ষাকে ভালো লাগে, ভালো লাগে কাঁচের জানলার সার্শিতে বৃষ্টির ছাঁট দেখতে এবং রবীন্দ্রনাথের গান শুনতে। ভালো লাগে প্রথম বৃষ্টির ফোঁটা, ঝোড়ো হাওয়া আর মাটির সোঁদা গন্ধ। খুব ইচ্ছে করে সমুদ্র সৈকতে বসে বৃষ্টি দেখতে, প্রাণ খুলে ভিজতে। আর ভালো লাগে লং ড্রাইভ। বর্ষায় সব কিছুই খুব রোমান্টিক লাগে। এমন একটা দিনেই বোধহয় তাকে বলা যায় "তোমায় ভালবাসি।" বর্ষায় বোধহয় ভালবাসার রূপ বদল হয়ে যায়। বাইরে পড়ে চলা অবিরাম বৃষ্টি এক অদ্ভূত বিষন্নতার সৃষ্টি করে - সেটা থেকে একমাত্র ভালোবাসাই পারে মুক্তি দিতে। বর্ষা আমার খুবই প্রিয়, কারণ আমি আদ্যন্ত রোমান্টিক মানুষ। বর্ষায় ভালো লাগে প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলতে, পছন্দের গান ও সিনেমা দেখতে। অসহ্য গরমের পরে যখন বর্ষা আসে তখন মন ভরে যায় আনন্দে, নিবিড় প্রেমে। দীর্ঘ বিরহ আর একাকিত্বের পর ভরা বর্ষা তাই প্রেমেরই বার্তাবাহক...